ন্যূনতম ইচ্ছে ছিল,
সহজ সরল মন ছিল,
খুবই সীমিত চাওয়া পাওয়া ছিল,
খুব সহজেই পেরিয়ে যাওয়ার আশা ছিল,
আহামরি কিছুই ভাবিনি, তবু কিছু ভেবেছিলাম,
অবাস্তবিক কিছুই নয় বলেই কল্পনায় কিছু এঁকেছিলাম,
বাস্তবে ঠিক মিলে যাবে এরকমই কিছু অঙ্ক করেছিলাম,
একটু আধটু এদিক ওদিক হবে, প্রস্তুতি টুকুও রেখেছিলাম,
সময়ের সাথে বাস্তবায়ন ঘটলো, অঙ্ক গুলো মিলতে শুরু হলো,
ভাবলাম যা ভেবেছি, তার সাথে মিল আছে, কাল্পনিক নয় আমার চিন্তা, এই বিশ্বাস জন্মাতে লাগলো,
এদিক ওদিক একটু তো হবেই, প্রস্তুতি ছিল, তাই দাগ কাটেনি ওরা, বেশ ভালোই চলছিল,
কিন্তু কে জানতো, বিশ্বাস অন্ধত্বের প্রেক্ষাপটে আরো কতকিছু গোপন করে রেখেছিল,
সবটাই আমার ছিল, পরিচালনা ও পরিকল্পনায় খামতি রাখিনি কখনোই,
তবু এদিক ওদিকের পরিমান মাত্রা ছাড়াতে শুরু করে ওমনি,
সহ্য ক্ষমতা নামক একটা বস্তু রয়েছে, দেখা হলো তার সাথে তখনই,
পরিকল্পনায় এরূপ কোনো চরিত্রের সাথে দেখা যে কখনো হয়নি,
এখন কি করি, অনেকদূর এগিয়ে এসেছি, গন্তব্য অনেকদূর,
সহযাত্রীদের চিৎকারে প্রাণ বেরিয়ে আসার উপক্রম,
বাঁচার পন্থা বের করতে হবে, ককপিট ইজেকশনের ব্যবস্থা নেই,
উপেক্ষা করলে চেঁচামেচি বাড়ে, তাই মধ্যপন্থা অনুসন্ধানের প্রয়োজন, এড়িয়ে বাঁচার অবকাশ নেই,
ছেড়ে বেরিয়ে আসা বেশ সহজ কিন্তু বেরিয়ে আসার সেরকম ইচ্ছে নেই,
ঝগড়া ঝামেলা চেঁচামেচিতে অল্প বিস্তর রুচি আমারো, তাতে যে কোনো দ্বিমত নেই,
মধ্যপন্থার অনুসন্ধানে উপেক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধিত,
খেলার মাঝেই নইলে যে হবে খেলা শেষ, তাই নিজেকে একটু হলেও রাখতে হবে মার্জিত,
সময়ের সাথে উপলব্ধি আসছে, আসলে সবাই সবাইকে তাদের মতো করেই দেখে,
ঠাকুরের প্রসাদ টুকুও নিজের পছন্দের মতো অর্পিত করি আমি, এতো দিনে আমার চোখে পড়েছে,
অ্যাডজাস্টমেন্টের নামে ওই নিজের মতো করে গড়ার কাজ কর্ম চলছে,
কখনো অভ্যেস আবার কখনো ইচ্ছেপূরণের বিনিময়ে আপোষ করা আমার সংসার এগিয়ে চলেছে,
চেয়েছি আমি, পেয়েছি আমি, গড়েছি আমি, এখন একটু ভাঙছি,
গঠন বিগড়োচ্ছে, না ভাঙলে নিজের আর তার সাথে পারিপার্শিকের ভারসাম্য নষ্ট করছি,
ভেঙে গড়ে ঠিক করে নেবো, এটুকু মনে আশা আছে,
কাজেই উপেক্ষা কখনো, কখনো বেপরোয়াপনার হাত ধরে চরিত্রের ভিন্ন দিক গুলো জন্মাচ্ছে।
কিন্তু উপেক্ষিত মানেই সম্পূর্ণ অর্থে নয়, পর্যবেক্ষণ এখনো চলছে,
বেপরোয়া মানেই এই নয় যে সব ছেড়ে বাউন্ডুলেপনা পুষ্টি পাচ্ছে,
আন্তরিক দূরত্ব একটু বেড়েছে, দেখতে একটু পরিষ্কার পাচ্ছি এটুকুই আর কি,
মাঝে বাকি বিচারপতিদের সাথে আমার দৈনন্দিন ওঠা বসা আর কি…………
